রাজধানীর সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মাতুয়াইলে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার নিরলস চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘এইচ এন ফোম ফ্যাক্টরি’ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে সাদ্দাম মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৬টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরে একে একে আরও ৬টি ইউনিট যোগ দেয়। পরে আড়াই ঘণ্টার নিরলস চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
 


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে পরিত্যক্ত ফোম থেকে ম্যাট্রেস তৈরি করা হতো। সেখানে প্রচুর পরিমাণ ফোম ও রাসায়নিক (ক্যামিক্যাল) মজুত থাকায় দুই ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কারখানার পাশে পুকুর থাকায় পানি পেতে সুবিধা হয়েছে। এ ছাড়া চারপাশের ব্যারিকেড থাকায় আগুন আশপাশের ভবনে ছড়াতে পারেনি।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের কারখানা থাকা আইনসংগত নয়।


আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে কারখানার বৈধতা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার গাফিলতি নিয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *