ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধভাবে হকার বসানোকে কেন্দ্র করে সাভারে আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শুক্রবার (৮ মে) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক ও মুন্নার পরিচয় পাওয়া গেছে।
আহত আনসার সদস্য এম এইচ মানিক জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ফুটপাতে হকারদের বসতে নিষেধ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে হকাররা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হঠাৎ হামলা চালায়।
সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান জানান, আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা ও হামলার এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।