ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাহিম মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৮ মে) সকালে পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বাবা বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

ছাত্রাবাস সূত্রে জানা যায়, ফাহিম যে কক্ষে থাকতেন, সেখানে আরও দুই শিক্ষার্থী ছিলেন। তবে অসুস্থতার কারণে তারা কয়েকদিন আগে বাড়ি চলে যাওয়ায় ফাহিম একাই ওই কক্ষে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আড্ডা দিয়ে নিজের কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে দীর্ঘ সময় তিনি দরজা না খোলায় সহপাঠীরা ডাকাডাকি করেন। পরে ভবনের পেছনের বারান্দা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একটি মেয়ের সঙ্গে ফাহিমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষণ্নতায় ভুগছিলেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ফাহিম ভবিষ্যতে পুলিশের এসআই পদে চাকরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বিষয়ে বাবার সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল। ঘটনার আগের দিন তিনি মায়ের সঙ্গে কথা বলে মানসিক কষ্টের কথাও জানিয়েছিলেন।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *