আসামির সঙ্গে ৩ লাখ টাকায় রফাদফার ফোনালাপ ফাঁস, এসআই প্রত্যাহার ও ওসি বদলি

নেত্রকোণার কলমাকান্দায় আসামির সঙ্গে পুলিশের তিন লাখ টাকার রফাদফার একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল বুধবার (৬ মে) ভোরে কলমাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারকেও আটক করেন এসআই আবু হানিফ ও তার সঙ্গীয় সদস্যরা। অভিযোগ উঠেছে, মালামাল আটকের পর সেগুলো ছেড়ে দিতে চোরাকারবারিদের সঙ্গে তিন লাখ টাকার রফাদফা করেন ওই এসআই। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ক্ষুব্ধ চোরাকারবারিরা পুলিশের সঙ্গে কথোপকথনের সেই অডিও রেকর্ডটি ফাঁস করে দেয়।

সচেতন মহলের অভিযোগ, পুলিশের সঙ্গে চোরাকারবারিদের দীর্ঘদিনের যোগসাজশ রয়েছে। মূলত টাকার অংকে বনিবনা না হলেই কেবল এ ধরনের মালামাল আটকের নাটক সাজানো হয়।

এ বিষয়ে এসআই আবু হানিফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অডিও রেকর্ডটি নজরে আসার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *