১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আসামি মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার মদনে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার ভোরে র‍্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে আসামি সাগরকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবীর রুবেল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।

নেত্রকোনার মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মদন থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *