বিএসসি ইন হেলথ টেকনোলজি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দফার অপেক্ষমাণ ছেলে-মেয়েদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ বুধবার (৬ মে) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান ডিপ্লোমার নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী প্রথম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে ফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলো প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ৭ মে হতে ১৪ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি অথবা নিবন্ধন ফি ব্যতীত অন্য কোনো খাতে অর্থ আদায় করা যাবে না। তবে, অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত যৌক্তিক ফি যথারীতি আদায়যোগ্য হবে। বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি) ও বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে নির্বাচিত প্রার্থীরা ভর্তির সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাইগ্রেশন সংক্রান্ত তথ্য ফরম পূরণ করে জমা প্রদান করবেন। অধ্যক্ষ অথবা পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে। এ ছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে।
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অত্র অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ অথবা পরিচালকের কার্যালয় থেকে জানা যাবে।
ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন
প্রার্থীর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট অথবা মূল নম্বরপত্র, এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা পরীক্ষার সনদপত্র অথবা মূল প্রশংসাপত্র, স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।