সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৬ মে) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মূলত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় উত্তরবঙ্গের এসব এলাকায় বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *