নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বন্যহাতির হামলায় প্রান্ত রাংসা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার গারো পাহাড় সংলগ্ন ভবানীপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের লিপশন নকরেকের ছেলে।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই এলাকায় বর্তমানে কৃষকের পাকা ধান ক্ষেতে প্রায়ই বন্যহাতির দল হানা দেয়। হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দলবদ্ধ হয়ে পাহারা দিচ্ছিলেন। ধান পাহারা শেষে বাড়ি ফেরার পথে বনের একটি হাতির সামনে পড়ে যান প্রান্ত। বাঁচার জন্য তিনি দৌড় দিলে হাতিটি তাকে তাড়া করে এবং শুঁড় দিয়ে আছাড় দিয়ে বুকের ওপর আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, এলাকাটি গভীর অরণ্য ও সীমান্ত সংলগ্ন হওয়ায় ধান পাকার মৌসুমে হাতির উপদ্রব বেড়ে যায়। হাতির কবলে পড়ে যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করা হবে।