ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের বিখ্যাত পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর আসন্ন নিলাম। যেখানে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে এবারের নিলামে অংশ নিচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলার সুযোগ হয়নি। তবে এবার নিলামে মোস্তাফিজুর রহমান ও  রিশাদ হোসেনের দল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

নিবন্ধিত ২৩ জন বাংলাদেশির মধ্যে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড, যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ানো এই বাঁহাতি পেসার এবার ইংলিশ কন্ডিশনে নজর কাড়তে পারেন।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে লেগ-স্পিনার রিশাদ হোসেনের। তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। সম্প্রতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করা এবং পিএসএলে দল পাওয়া রিশাদ এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত নাম।বাকি ২১ জন ক্রিকেটারের সবার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে। এই তালিকায় রয়েছেন- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রিপন মণ্ডল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক ও সাব্বির রহমান।

এবারের নিলামে বিশ্বের ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। আগামী মার্চের ১১ ও ১২ তারিখে নির্ধারিত হবে কার ভাগ্য কোথায় ঝুলছে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টের মূল আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং পর্দা নামবে ১৬ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *