ব্রাহ্মণবাড়িয়ায় গরু চোর চক্রের সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে গরু চোর চক্রের সদস্য সুমন মিয়া নামে এই কসাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার খামারি শেখ শিহাবের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

পরে স্থানীয়দের সহায়তায় বাদল কসাইয়ের ছেলে সুমন মিয়াকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে সে গরু চুরি ও জবাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার অপর আসামিরা হলেন, সুলতানপুর ইউনিয়নের পেশকার শেখ লুৎফুর রহমানের ছেলে মামুন মিয়া ও আবু কালামের ছেলে মাসুম মিয়া। এদের মধ্যে মামুন মিয়া চক্রটির মূলহোতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে কসাইদের কাছে বিক্রি করে আসছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *