বৃথা গেল মেসির ক্যারিশমা, অবিশ্বাস্য হার মায়ামির

নিজেদের নতুন ঠিকানা ‘নু স্টেডিয়াম’ যেন ইন্টার মায়ামির জন্য এক গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে। জয়ের খুব কাছে গিয়েও হারের তেতো স্বাদ পেল লিওনেল মেসির দল। বাঁ পায়ের জাদুকরী গোল আর দুটি অ্যাসিস্ট করে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন মেসি। কিন্তু বৃথা গেল মিসের সেই ক্যারিশমা। ৩-০ গোলে এগিয়ে থেকেও হার দেখতে হলো তাদের।

আজ রোববার (৩ মে) বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের ম্যাচে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। অবিশ্বাস্যভাবে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ওরল্যান্ডোর কাছে এমন হার মায়ামির নড়বড়ে রক্ষণভাগকেই আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

অন্যদিকে, এ নিয়ে নতুন স্টেডিয়ামে টানা চার ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল স্বাগতিক মায়ামি। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে গোলের ২৬টি শট নেয় তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি শট।

সেই দাপট কাজে লাগিয়ে এগিয়ে যেতে সময় লাগেনি মায়ামির। খেলার চতুর্থ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। মেসির বাড়ানো বল থেকে দারুণ হেডে গোল করেন ইয়ান ফ্রে। ম্যাচের ২৫তম মিনিটে আবারও মেসির ঝলক; তাঁর বাড়ানো পাসে গোল করে ব্যবধান ২-০ করেন তেলাস্কো সেগোভিয়া।

ম্যাচের ৩৩তম মিনিটে দেখা মেলে সেই চিরচেনা ম্যাজিকের। বক্সের মাথা থেকে বাঁ পায়ের ট্রেডমার্ক বাঁকানো শটে সরাসরি জাল কাঁপান এলএমটেন। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মায়ামি ভক্তরা।

৩-০ তে এগিয়ে যাওয়ার মাত্র ছয় মিনিট পর থেকেই মায়ামির স্বস্তি ফিকে হতে শুরু করে। ম্যাচের ৩৯তম মিনিটে ওরল্যান্ডোর মার্টিন ওজেদা প্রথম গোল করে ব্যবধান কমান। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

বিরতির পর ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-৩ সমতায় ফেরান ওজেদা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টাইরিস স্পাইসার গোল করে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ৩-০ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি-সুয়ারেজদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *