সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তারের অভিযোগ: বকশীগঞ্জে রোকনকে ঘিরে প্রশ্ন!


সরকারি দপ্তরে চাপ সৃষ্টি ও অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

স্টাফ রিপোর্টার | জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তার ও চাঁদা দাবির অভিযোগে আলোচনায় এসেছেন রোকনুজ্জামান রোকন নামের এক ব্যক্তি। নিজেকে বেসরকারি টেলিভিশনের “আনন্দ টিভির” প্রতিনিধি পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, রোকনুজ্জামান রোকন বিআরডিবি, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করেন এবং বিভিন্ন সময় কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, “সাংবাদিক পরিচয় দিয়ে এসে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করা হয়। অনেক সময় অযৌক্তিক দাবি-দাওয়াও তুলে ধরা হয়, যা আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।”
তথ্য অনুসন্ধানে জানা যায়, রোকনুজ্জামান রোকন স্থানীয় রাজনীতির সঙ্গেও যুক্ত। তিনি জামালপুর সদর উপজেলার ১৩ নম্বর মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই রাজনৈতিক পরিচয়ই তার প্রভাব বিস্তারে ভূমিকা রাখছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে রোকনুজ্জামান রোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকতা পেশার নীতিমালা অনুযায়ী, ব্যক্তিস্বার্থে পরিচয়ের অপব্যবহার গুরুতর অনৈতিক কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *