হোটেলের বাথরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ২ ক্রিকেটার গ্রেপ্তার, পরে জামিন

হোটেলের বাথরুমে নারীদের গোসল গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই দেশটির অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারের পর পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি পেয়েছেন ওই দুই ক্রিকেটার।

ঘটনাটি চলতি সপ্তাহের শুরুর দিকে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলের। সেখানে অবস্থান করা কয়েকজন নারী অভিযোগ করেন যে, তাদের গোপনে ভিডিও করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয় এবং ওই দুই তরুণ ক্রিকেটারকে গ্রেপ্তার করে।

নারাহেনপিতা পুলিশ ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, ধারণ করা ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা বর্তমানে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক শুনানির জন্য দুই ক্রিকেটারকে আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সেখানে পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন দেওয়া হয়। তবে আগামী ২৫ মে পরবর্তী শুনানির জন্য তাদের আবারও আদালতে হাজিরা দিতে হবে।

এমন গুরুতর অপরাধের পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখন পর্যন্ত অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা জানায়নি।

অবশ্য লঙ্কান ক্রিকেট বোর্ড বর্তমানে নিজেই বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটির পদত্যাগ এবং নতুন কমিটি গঠন নিয়ে বোর্ডে চরম অস্থিরতা বিরাজ করছে। যার ফলে এই স্পর্শকাতর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *