কুমিল্লার বুড়িচংয়ে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শিশু আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ময়নাল হোসেনের বাড়ি বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে।
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ২০২১ সালে ২০ মে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে আসামি। পরে মরদেহ পলিথিনে পেঁচিয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে।
ঘটনার পরের দিন নিহত শিশুটির মা পারভীন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত ওই শিশুর মা পারভীন আক্তার আসামির ফাঁসি যেন দ্রুত কার্যকর হয় সে জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।