প্রতিশোধের নেশায় আর্সেনালকে আতিথ্য দেবে অ্যাতলেটিকো

দুদল এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। চলতি মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পরস্পর মোকাবিলা করে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সেদিন অ্যাতলেটিকোকে কচুকাটা করেছিল আর্সেনাল। খেলা এবার অ্যাতলেটিকোর ডেরায়। রোহি ব্লাংকোদের সামনে এখন প্রতিশোধের উপলক্ষ।

আজ বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকোর ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্টোপলিটানোয় প্রথম লেগে লড়বে দুদল।

গ্রুপ পর্বের সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আর্সেনাল। আজ রাতে সেটি নিশ্চয়ই প্রেরণা দেবে মিকেল আর্তেতার শিষ্যদের। অনুষঙ্গ আরও আছে। কোয়ার্টার ফাইনালে মাদ্রিদেরই আরেক ক্লাব রিয়ালকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

তবে সিমিওনের শিষ্যরা যে ছেড়ে কথা বলবে না, তার ইঙ্গিত মিলেছে সংবাদ সম্মেলনে। অ্যাতলেটিকো বস সিমিওনে বলেন, ‘৯ বছর পর আবারও সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ। এটি দুর্দান্ত ব্যাপার। কোনো চাপ নেই। আছে দায়িত্ব। খেলাটা কঠিন হবে। কিন্তু আমরা বিশ্বাস করি, তাদের (আর্সেনাল) আটকাতে পারব।’

আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘আমাদের সামনে সুযোগ আছে। আমরা সেটি দুহাতে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। যারা ম্যাচে আধিপত্য রাখবে, তারাই জিতবে। দুদলই চাইবে শুরু থেকে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *