রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় গুলির ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে তাঁর নাম টিটনের। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
মাসুদ আলম বলেন, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি চালিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।