পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী পুলিশের জনবল ও নিয়োগ পরিকল্পনা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সৃষ্টি হতে যাওয়া পদগুলোর মধ্যে ৫০০টি এএসপি পদ, ৪ হাজারটি নিরস্ত্র এসআই এবং ১০ হাজারটি কনস্টেবলের পদ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি, নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ২ হাজার ৭০৩টি শূন্যপদের বিপরীতে কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েক মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় মোট ৬০৪ জনকে গ্রেফতর করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন জামিনে মুক্তি পেয়েছেন। অন্যদিকে ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ৭১ জন আসামি জামিনে রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের কঠোর সাজা নিশ্চিত করতে মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *