সিগারেট খেতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধরের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় বহিরাগতদের নিয়ে এসে এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক জুনিয়রের বিরুদ্ধে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বহিরাগতকে আটক করা হয়েছে।

আহত সিনিয়র শিক্ষার্থীর নাম শাওন। তিনি গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত আকাশ একই ডিসিপ্লিনের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এবং তিনিও ছাত্রদল কর্মী হিসেবে পরিচিত।

প্রক্টর দপ্তরে সংরক্ষিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শাওন মোটরসাইকেল নিয়ে চারুকলার দিকে যাওয়ার সময় আকাশসহ কয়েকজন তার পথরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এতে শাওন হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন।

শাওনের অভিযোগ, বিরোধের সূত্রপাত আকাশ প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় থেকে। একদিন চারুকলা মঞ্চে সিনিয়রদের সামনে আকাশ সিগারেট খাচ্ছিলেন এবং উপস্থিত সিনিয়র ছাত্রীদের সেখান থেকে চলে যেতে বলেন। শাওন তখন তাকে এমন আচরণের জন্য শাসন করেন। এছাড়া আকাশ বিভিন্ন স্থানে শাওনের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলেও অভিযোগ করেন এই ছাত্রদল নেতা।

শাওন বলেন, আমি প্র্যাকটিস শেষ করে ফিরছিলাম, হঠাৎ তারা আমার ওপর হামলা চালায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুনিয়র শিক্ষার্থী আকাশ বলেন, আমি নিরাপত্তা সংকায় ভুগছি এবং চারদিক থেকে বেশ চাপে আছি। এ মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে শিগগিরই সবকিছু আপনাদের সামনে প্রকাশ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে কিছু বহিরাগত নিয়ে এসে এক শিক্ষার্থী অন্যজনের ওপর হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে সাধারণ শিক্ষার্থীরা এক বহিরাগতকে ধরে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়। টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ ও অভিযোগ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *