পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি বিরল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছ র্যাব-১৩।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রত্নবস্তু পাচার ও চোরাকারবারির অভিযোগে সুজন মহন্ত (৩৫) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খগেরহাট (বিনয়পুর) এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে। ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। গ্রেপ্তার সুজন মহন্ত ওই এলাকার বাসিন্দা।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মহন্ত স্বীকার করেছেন তিনি মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিলেন।
র্যাব আরও জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জব্দ করা মূর্তিসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।