৫০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন রেজিস্ট্রেশন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ কর অর্থবছরে ই-রিটার্ন দাখিল করেছেন ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা। আর ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন রেজিস্ট্রেশন করেছেন। আজ রোববার (২৯ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

আল আমিন শেখ বলেন, এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের পূর্বে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারবে। রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশীরভাগ করদাতাকে স্বল্পসময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। 

অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদেরকে অবশ্যই ৩১ মার্চ পূর্বে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের পূর্বে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময়বৃদ্ধির আবেদন করতে পারবে।

জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে এনবিআরের সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তবে কেউ উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে ৩১ মার্চের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *