ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়াস্থ সোয়াদ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ম্যানেজারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মুনির এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাম্পের জ্বালানি তেলের স্টক ও বিক্রির নথিপত্রে বড় ধরনের গরমিল ধরা পড়ে। এ ঘটনায় পাম্পের ব্যবস্থাপক রিফাতকে আটক করে গৌরীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, যমুনা অয়েল কোম্পানি থেকে চালানের মাধ্যমে চলতি মাসের ১, ২ ও ৩ তারিখে ১৩ হাজার ৫০০ লিটার করে এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবস্থাপক রিফাত মাত্র ৯ হাজার লিটার তেলের স্টক ও বিক্রির হিসাব দেখাতে পারলেও বাকি ৪৯ হাজার ৫০০ লিটার তেলের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।
ম্যাজিস্ট্রেট আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বাকি ৪৯ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হয়েছে। এই তেল পাম্প থেকে নাকি পথিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।