নির্ধারিত সময়ের খেলা শেষ। রেফারি বাজালেন শেষ বাঁশি। মাঠে তখন উল্লাস। কেউ ছুটছেন, কেউ নিরব। মনে সবার আনন্দের ঢেউ। ইরাক বিশ্বকাপের টিকিট পেয়েছে। যে টিকিটের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪০ বছর। ইরাকের একটা গোটা প্রজন্মই জানে না বিশ্বকাপের মূল মঞ্চ কেমন। সেই অজানাকে পাড়ি দিয়ে ইরাকও খেলবে বিশ্বকাপে।
মেক্সিকোর স্তাদিও গুয়াদালুপে আজ বুধবার (১ এপ্রিল) প্লে-অফের ফাইনালের বলিভিয়াকে ২-১ হারিয়েছে ইরাক। এক সময়ের যুদ্ধবিধ্বস্ত দেশটি আবারও বিশ্বমঞ্চে নিজ ঝাণ্ডা ওড়াবে। ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপে সুযোগ পেল ইরাক।
৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের শেষ দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করেছে ইরাক। ম্যাচের ১০ মিনিটে ইরাককে লিড এনে দেন আলি আল-হামাদি। ৩৮ মিনিটে ম্যাচে ফেরে বলিভিয়া। মইসেস পানিয়াগুয়ার গোলে আসে সমতা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর দ্রুতই গোল পায় ইরাক। ৫৩ মিনিটে লক্ষ্যভেদ করেন আইমেন হুসেইন। এটিই হয়ে রয় ম্যাচজয়ী গোল। যে গোলের মাহাত্ম্য ইরাকের মানুষের কাছে অমূল্য।