৩ বছরের ভাবনায় ‘প্রেশার কুকার’, বললেন মেহেদী হাসান মুন

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ ইতিমধ্যেই দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। হঠাৎ ঘোষণার পর সিনেমাটির রহস্যঘেরা টিজার—যাকে নির্মাতারা বলছেন ‘ফার্স্ট হুইসেল’—প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

এই সিনেমার অন্যতম সৃজনশীল শক্তি চিত্রনাট্যকার মেহেদী হাসান মুন। তিনি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন জানিয়েছেন, কীভাবে কয়েক বছরের ভাবনা থেকে তৈরি হয়েছে ‘প্রেশার কুকার’ এবং কেন ঢাকার নারীদের জীবনঘনিষ্ঠ গল্পকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি।

মুনের ভাষ্য, প্রায় তিন বছর আগে থেকেই গল্পটির ভাবনা শুরু। তিনি জানান, রাফীর ওটিটি প্রজেক্ট ‘ফ্রাইডে’ লেখার পরই নতুন গল্প নিয়ে ভাবতে শুরু করেন। সেই সময় রায়হান রাফীর সঙ্গে আলোচনার মধ্য দিয়েই ধীরে ধীরে তৈরি হয় এই গল্পের মূল ধারণা।

মুনের পর্দার জন্য লেখালেখির আনুষ্ঠানিক শুরু রায়হান রাফী পরিচালিত ‘ফ্রাইডে’র মাধ্যমেই। এরপর একই নির্মাতার সঙ্গে ধারাবাহিকভাবে ‘মায়া’ ও ‘অমীমাংসিত’-এর চিত্রনাট্য লেখায় যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ যোগ হয়েছে ‘প্রেশার কুকার’। পাশাপাশি নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গেও নাটকের চিত্রনাট্যে কাজ করেছেন মুন।

তবে এই অঙ্গনে তার পথচলার শুরু ‘জংলি’ দিয়ে। ওই কাজটিতে তিনি শুধু লেখকই নন, সহ–প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন। এমআইবি স্টুডিওজ (মেইড ইন বাংলাদেশ স্টুডিওজ) থেকে নির্মিত ‘জংলি’র পর আরও কাজের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এই কাজের দর্শকপ্রিয় গান ‘বাবা তোমায় ছাড়া’র কথাও লিখেছেন মুন।

‘জংলি’র পর এবার আসছে ‘প্রেশার কুকার’। মুন বলেন, ‘প্রেশার কুকারের স্ক্রিপ্ট নিয়ে দীর্ঘ ৩–৪ বছর ধরে আমরা অপেক্ষা করেছি। অবশেষে যখন গল্পটি বড় পর্দায় আনার সিদ্ধান্ত হয়, তখন এর গল্প, চিত্রনাট্য ও সংলাপে দীর্ঘ সময় দেওয়া হয়েছে। আশা করি দর্শক নতুন কিছু পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *