শেখ হাসিনার ফাঁসির রায় দেয়া বিচারক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর শাহবাগ থানায় মো. গোলাম মর্তূজা মজুমদার একটি সাধারণ ডায়েরি করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে। হ্যাকারদের শনাক্ত করতে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহমুদুল হাসান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ১৮ মার্চ থেকে এ পর্যন্ত এই হ্যাকড হওয়া ফেসবুক–হোয়াটসঅ্যাপে যদি কোনো কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, তবে তা হ্যাকারদের মাধ্যমে হয়েছে।
এছাড়া এ ঘটনায় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেয়া হয়েছে।