হাম প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৬ জন। এ সময় সন্দেহজনকভাবে এ রোগে মারা গেছে চারজন।

এদিকে, গত একদিনে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।

সারা দেশের হাসপাতালগুলোর একই অবস্থা, বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড—সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা।

হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা শিশুদের অনেকের বয়স ৯ মাসের নিচে। যারা একাবেরই টিকাবঞ্চিত বা অসম্পূর্ণ টিকা নিয়েছে, তাদের মধ্যেই সংক্রমণ বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া—এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের।

উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *