হাম প্রতিরোধে সময়মতো টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত ‘হামরোগ’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটে হামের পুনরুত্থান ও টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবিলায় এই আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন আয়োজকরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক ডা. আবু তালহা। তিনি হামের ভয়াবহতা, সংক্রমণের ধরণ, লক্ষণ এবং এর জটিলতাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘শিশুদের ওপর হামের মারাত্মক প্রভাব বিবেচনায় অভিভাবকদের সচেতন হওয়া এবং সময়মতো টিকা নিশ্চিত করাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়।’ আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা চৌধুরী, অধ্যাপক ডা. মো. খয়বর আলীসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা হাম নির্মূলে সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সেমিনারে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. এ কে এম ওয়ালীউল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। এনডিএফের সাধারণ সম্পাদক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও টিকাদান কর্মসূচি আরও বেগবান করার আহ্বান জানানো হয়।