সারাদেশে বায়ুবাহিত রোগ হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে আরও ৭৮৭ জনের মধ্যে রোগটির লক্ষণ পাওয়া গেছে।
আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন, যাদের নিয়ে গত কয়েক সপ্তাহে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২৬ জনে পৌঁছাল। সংক্রমণের হার বাড়তে থাকায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সবমিলিয়ে ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চার হাজার ৬২৮ জন সন্দেহজনক নতুন রোগী ভর্তি আছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫৪ জন।