চট্টগ্রামের হাটহাজারিতে ৩০ হাজার লিটার ভোজ্যতেল ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় আলম এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে যৌথবাহিনীর অভিযানে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৌরসভার আলিপুরে পুরাতন থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, ‘অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল ভোজ্যতেল মজুত করে রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার আলিপুরে পুরাতন থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালনো হয়। অভিযানে আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজের প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত পাওয়া যায়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করা হয় এবং মজুত করা ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’