হরমুজ প্রণালি দিয়ে পারাপার করতে না পেরে ফিরে গেছে পাকিস্তানি পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ। আজ রোববার (১২ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘খায়েরপুর’ ও ‘শালামার’ নামে ওই জাহাজ দুটি হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছানোর পর হঠাৎ গতিপথ পরিবর্তন করে উল্টো দিকে ঘুরে যায়। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক তৎপরতা বা অন্য কোনো বাধার কারণে জাহাজ দুটি তাদের যাত্রা সম্পন্ন করতে পারেনি। খবর আলজাজিরার।
উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলের ওপর কঠোর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি জাহাজ দুটির ফিরে আসার খবর পাওয়া গেল।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, মার্কিন সামরিক বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে প্রবেশকারী বা সেখান থেকে বেরিয়ে আসা যেকোনো জাহাজ আটক করার প্রক্রিয়া শুরু করবে। এক পর্যায়ে আমরা ‘সবাইকে ঢুকতে দেওয়া এবং সবাইকে বের হতে দেওয়া’—এমন নীতিতে পৌঁছাতে চেয়েছিলাম, কিন্তু ইরান সেটি হতে দেয়নি।
ইরান সম্প্রতি হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলোর ওপর অতিরিক্ত শুল্ক বা টোল আরোপ করেছে, সেটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি লেখেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে শুল্ক প্রদান করেছে, সেগুলোকে যেন খুঁজে বের করা হয় এবং প্রয়োজনে জব্দ করা হয়। যারা অবৈধ শুল্ক প্রদান করবে, তারা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ যাতায়াতের সুবিধা পাবে না।