হজ পালন সহজ করতে মক্কায় হচ্ছে নতুন বিমানবন্দর

পবিত্র নগরী মক্কায় একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালন করতে আসা বিশ্বের লাখো মানুষের যাতায়াত সহজ করতে এবং দেশটির পরিবহণ অবকাঠামো ঢেলে সাজাতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ এই ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

হার্ভার্ড বিজনেস রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ আল-রশিদ জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে এই বিমানবন্দরটি নির্মাণ করা হবে। এটি মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির একটি অবিচ্ছেদ্য অংশ, যার লক্ষ্য হলো হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা বৃদ্ধি করা এবং মক্কার যোগাযোগব্যবস্থা বিশ্বমানে উন্নীত করা। তবে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব ও কার্যকারিতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে হাজিরা জেদ্দা বিমানবন্দর হয়ে মক্কায় পৌঁছান, যা মক্কা শহর থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন বিমানবন্দরটি চালু হলে হজযাত্রীদের দীর্ঘপথ পাড়ি দেওয়ার ভোগান্তি এবং যাতায়াতের সময় উভয়ই অনেকাংশে কমে আসবে। যদিও প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে, তবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি।

সালেহ আল-রশিদ আরও জানিয়েছেন, বিমানবন্দর ছাড়াও মক্কা মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশার কাজ শেষ হয়েছে। এটি চালু হলে পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

‘স্মার্ট মক্কা’ কর্মসূচির আওতায় বর্তমানে মসজিদুল হারাম এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে জামারাত সেতু এলাকায় ভিড় কমাতে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাভাসভিত্তিক প্রযুক্তি (প্রেডিক্টিভ টেকনোলজি) ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *