সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন

সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার (৩৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর সৌদি আরবের আল খারিজের একটি স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে ওখানেই একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ইফতারের আগে আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির শ্রমিক ক্যাম্পে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হন বাচ্চু মিয়া।

নিহতের মা ফাতেমা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও পরিবারের সবার সম্মতিতে মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাচ্চু মিয়ার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে রিয়াদ লেবার উইংয়ের কর্মকর্তা মুহাম্মাদ রেজা-ই-রাব্বী ও মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার দুপুরে খালেদ হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ নিয়ে আসা হয়।

এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ১৭ মার্চ রাতে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। তিনি পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *