মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামীকাল সোমবার (৬ এপ্রিল) ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তেহরানের জন্য তার বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি এই মন্তব্য করলেন। খবর বার্তা সংস্থা এএফপির।
সোমবারের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত না করলে ইরানকে ভয়াবহ বোমাবর্ষণের মুখোমুখি হতে হবে এবং তাদের ওপর ‘নরক’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শনিবার নিজের ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে তিনি এই হুমকি দেন।
তবে তেহরান এই হুমকিকে ‘অসহায় ও স্নায়ুচাপগ্রস্ত’ বলে প্রত্যাখ্যান করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
আজ রোববার ফক্স নিউজের একজন সাংবাদিককে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামীকাল একটি ভালো সম্ভাবনা আছে, তারা এখন আলোচনা করছে।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং (ইরানের) তেল দখল করে নেওয়ার কথা বিবেচনা করছি।’