সায়েদাবাদে ২৪০টি অবৈধ বাস কাউন্টার, উচ্ছেদ শুরু ডিএসসিসির

রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টারসমূহ উচ্ছেদ করা হচ্ছে।

আজ বুধবার (৮ এপ্রিল) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহণ বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পরিবহণ মালিক সমিতি এবং পরিবহণ শ্রমিক কমিটির সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক জরিপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত সায়েদাবাদ কাউন্টার কেন্দ্রিক মোট ২৪০টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে।

অভিযান চলাকালে চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সায়েদাবাদের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। মগবাজার মোড় থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন ও আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা ও বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হেয়ার রোড ও শিক্ষা ভবন এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে।

দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, অবৈধ কাউন্টারসমূহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *