সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদনের শুনানির দিন ধার্য

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চার মামলায় তার জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে ১১ মার্চ দুদকের করা মামলাতেও তিনি জামিন পান। আদালত আজ এই জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করলেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, সারা হোসেন ও সাঈদ আহমেদ রাজা এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ, ফতুল্লা ও বন্দর থানায় আরও তিনটি মামলা এবং প্লট জালিয়াতির অভিযোগে দুদকের একটি মামলা রয়েছে।

২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া খায়রুল হক ২০১১ সালে অবসরে যান। পরবর্তীতে তিনি তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *