সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকাই সমস্যা সমাধান করতে পারে : ডা. জাহিদ

সমস্যা সমাধান শুধু সরকারের ওপর নির্ভর করে না, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্বশীল ভূমিকাই সব সমস্যা সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, ধৈর্য, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগে একে একে সব সমস্যার সমাধান করতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের ওপর নির্ভর করে না, দেশের উন্নয়নে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত। আইনকে সম্মান করতে হবে এবং সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অভিভাবকদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল, সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময়ও করেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *