ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির আলোচিত প্রার্থীরা রয়েছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের তিন হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। মিয়া গোলাম পরওয়ার ছাড়া বাকি দুজন হলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং সাবেক শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির।
মিয়া গোলাম পরওয়ার
খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে ওই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি)।
হামিদুর রহমান আযাদ
বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে পরাজিত হয়েছেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ ।
শিশির মনির
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম
বরিশাল-৫ (সিটি-সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। এরমধ্যে বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। একইভাবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান বিজয়ী হয়েছেন ।
মাহমুদুর রহমান মান্না
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে ভোট পাওয়ার সংখ্যা মাত্র ৩,৪২৬। ফলে তিনি জামানত হারিয়েছেন।
আসনটিতে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সারজিস আলম
পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী
বহুল আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ আসনে পরাজিত হয়েছেন এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী
তাসনিম জারা
ঢাকা-৯ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। এ আসনে সাবেক এনসিপির নেত্রী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পরাজিত হয়েছেন।
মো. মামুনুল হক
ঢাকা-১৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক
রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। এ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিব।
আমিনুল হক
ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার আব্দুল বাতেন।
জিএম কাদের
রংপুর-৩ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহবুবুর রহমান (বেলাল)। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
সাইফুল হক
ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী সাইফুল আলম। বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হককে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন তিনি।
হারুনুর রশীদ হারুন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।
মো. গোলাম সারোয়ার তুষার
নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. গোলাম সারোয়ার তুষার পরাজিত হয়েছেন বিএনপির আবদুল মঈন খানের কাছে।