সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আবুল হাসনাতর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী জানান, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, একই গ্রুপের একাধিক প্রতিষ্ঠান এতে অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের চারটি প্রতিষ্ঠান এবং পাওয়ার প্যাক মুতিয়ারা ও বেক্সিমকোর একাধিক প্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে।
খেলাপি ঋণ আদায়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে উচ্চ খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক, শীর্ষ খেলাপিদের অগ্রগতি পর্যালোচনা, ঋণ নিষ্পত্তি কৌশল প্রণয়ন এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
এ ছাড়া আইন সংস্কার, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ঋণ আদায়, ভালো গ্রাহকদের প্রণোদনা দেওয়া এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসএন/পিডিকে