সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে মহানগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরেও দেশে রাজনৈতিক বিভাজন ও মতভেদ বিদ্যমান। একটি স্বাধীন দেশে জাতীয় ঐক্য সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে তার অভাব রয়েছে। এজন্য সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে মহানগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাই একটি রাষ্ট্রের মূল ভিত্তি, যা সংবিধানেও স্বীকৃত। এই আকাঙ্ক্ষা উপেক্ষা করলে সৃষ্টি হয় অসন্তোষ ও আন্দোলন। সমস্যা সমাধানের পথ হিসেবে তিনি সংলাপের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংঘাত নয় বরং সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে।

গোলাম পরওয়ার মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সাথে বীর শহীদদের স্মরণ করে বলেন, দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার এত বছর পরও ঘোষিত লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার বাস্তবায়িত হয়নি। দেশে এখনও বৈষম্য প্রকট আকারে রয়েছে। একদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক, অন্যদিকে অনেক মানুষ ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে নানা মতপার্থক্য থাকলেও এটি একটি সর্বজনীন সত্য যে, স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়। রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, কৃষক ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমরা আর রক্তপাত বা সংঘাত চাই না। আমরা চাই একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক তার অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী জামায়াতের সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *