মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন- শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা মো. মারুফ (২৪) ও মো. জুয়েল মিয়া (২৭)। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে গত ৩১ মার্চ শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের পর আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।