শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ঢাকা অক্সাব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত শাহেদা আহমেদ উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। তিনি পেশায় একজন শিক্ষিকা ও রাজধানীর একটি আন্তর্জাতিক স্কুলের অধ্যক্ষ ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহেদা আহমেদ। গত ২৫ মার্চ (বুধবার) রান্নাঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

স্থানীয় শিক্ষক মোতাহার খান চিকিৎসকের বরাত দিয়ে জানান, শাহেদা আহমেদের শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান জানান, বিস্ফোরণের ওই ঘটনার সময় ফায়ার সার্ভিসকে কেউ অবহিত করেনি। শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *