শেষের পথে কাবরেরা অধ্যায়

হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনার অন্ত নেই। দারুণ এক দল পেয়েও সাফল্য এনে দিতে পারেন। নিজের একরোখা সিদ্ধান্তে দলের ক্ষতি করেছেন, হয়েছেন ভক্তদের চোখের বালি। তাকে বাদ দেওয়ার আওয়াজ প্রায়ই তুলেছে ভক্তরা।

অবশেষে শেষ হওয়ার পথে কাবরেরা অধ্যায়। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিম কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু জানান, নতুন কোচ খুঁজছে বাফুফে।

গণমাধ্যমকে বাবু বলেন, ‘আমরা এখন থেকেই নতুন কোচের সন্ধানে নামছি। নতুন কোচের ইন্টারভিউ নেব। প্রয়োজনে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন। তারপর সিদ্ধান্ত নেবে কমিটি।’

বাফুফের কাবরেরা প্রীতির কথা কারও অজানা নয়। তাকে পুনরায় ইন্টারভিউতে ডাকার কারণ কী? এমন প্রশ্নে বাবুর জবাব, ‘বিষয়টা তেমন নয়। তার সঙ্গে আরেক মাস চুক্তি আছে। তবে আমরা আরও ভালো কিছুর চেষ্টা করছি।’

২০২২ সালের জানুয়ারিতে স্প্যানিশ কোচ কাবরেরাকে দায়িত্ব দেয় বাফুফে। বর্তমান চুক্তি অনুযায়ী কাবরেরার মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরেও কোনো দৃশ্যমান সাফল্য এনে দিতে পারেননি কাবরেরা। যেখানে এই সময়ে মেয়েদের জাতীয় দল সাফ শিরোপা জয়ের পাশাপাশি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *