মেহেরপুরের গাংনী উপজেলায় লরি থেকে অবৈধভাবে নামানোর সময় প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা ডিপো থেকে ডিজেল লোড করে একটি লরি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু লরিটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে গাংনীর সাহেবনগর বাজারে থামে। সেখানে রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানোর কাজ চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় তেলের কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদিত গন্তব্যের প্রমাণ দেখাতে না পারায় লরি বোঝাই ডিজেল জব্দ করে থানায় নেওয়া হয়।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা অবৈধভাবে তেল নামানোর সময় লরিটি জব্দ করি। জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।