রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) নিয়মিত ফ্লাইটে থাকা অবস্থায় এন-২৬ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও রিয়া-নোভোস্তি এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

মন্ত্রণালয় জানিয়েছে, উড্ডয়নরত অবস্থায় কারিগরি ত্রুটির কারণে বিমানটি একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। বিমানে ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউই বেঁচে নেই। বিধ্বস্ত হওয়ার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে কোনো ধরনের বাহ্যিক হামলা, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি একটি যান্ত্রিক দুর্ঘটনা ছিল।

এর আগেও সোভিয়েত আমলের এন-২৬ মডেলের এই বিমানগুলো বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন ও ২০২১ সালে রাশিয়ার দূর প্রাচ্যে ২৮ জন নিহত হয়েছিলেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া। চার বছর আগে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ক্রিমিয়া ও এর আশেপাশের এলাকায় দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে উপদ্বীপটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *