কয়েকদিন আগে মোহাম্মদ রফিক জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ হতে চান তিনি। সপ্তাহ ঘুরতেই পূরণ হলো রফিকের ইচ্ছা। দেশের কিংবদন্তি এই স্পিনার এখন জাতীয় দলেল কোচিং প্যানেলে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন বাঁহাতি এই স্পিনার। আজ শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২৬ মার্চ বিশেষ প্রদর্শনী ম্যাচে বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রফিক। জানিয়েছিলেন, ভালো কাউকে না পেলে যেন তাকে ডাকা হয়। তার চাওয়া, দেশের ক্রিকেট যেন শীর্ষ পর্যায়ে যায়।
রফিক বলেন, ‘আমি তো এটার আশায় বসে আসি। বিসিবি যদি মনে করে আমার চেয়ে ভালো কোচ পায়, আমি বলব ভালো। আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিকেট একটা টপ লেভেলে যাক। আমার চেয়ে যদি ভালো কোচ পায় আমাকে কেন নেবে? কিন্তু যদি আমি ওদের চেয়ে বেটার হই, আমি বিসিবিকে অনুরোধ করব যে আমাকে ডাকুন।’
৫৫ বছর বয়সী রফিক দেশের ক্রিকেটে প্রথম তারকা স্পিনার। ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। স্পিনারের স্বর্গরাজ্য বাংলাদেশে বল হাতে সফল রফিক ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতে ১২৫ ম্যাচে ১২৫ শিকার তার নামের পাশে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন এক উইকেট।
জাতীয় দলে এর আগে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ একজন হিসেবে ছিলেন রফিক।