যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইরান : আব্বাস আরাঘচি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়। আজ রোববার (১৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর এএফপির। 

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে চায় ইরান। তবে আরাঘচি এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা যথেষ্ট স্থিতিশীল এবং শক্তিশালী; আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অতীতে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল, তখনই তারা ইরান আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই ইরান মনে করে যে আমেরিকানদের সঙ্গে আলোচনার কোনো ভালো ফলাফল আসে না।’

আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কখনোই যুদ্ধবিরতি কিংবা আলোচনার জন্য আবেদন করেনি। তবে হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট তেলের ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচলের বিষয়ে আগ্রহী দেশগুলোর সঙ্গে ইরান কথা বলতে প্রস্তুত। নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি জানান, বেশ কিছু দেশ তাদের জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইতোমধ্যে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *