মোংলায় এক পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এছাড়া জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও। পরে বিকেল সোয়া ৩টায় পৌর কবরস্থানে শুরু হয় দাফন প্রক্রিয়া। প্রথমে দাফন দেওয়া হয় পরিবার প্রধান আ. রাজ্জাককে। পর্যায়ক্রমে বাকিদের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে ৪ জন ও বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়।

এর আগে, বৃহস্পতিবার খুলনার কয়রা উপজেলা থেকে বিয়ে শেষে মোংলায় ফিরছিলেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকের ছেলে আহাদুর রহমান (সাব্বির)। বরের সঙ্গে দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ফিরছিলেন।

পথে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন।

এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *