রাজধানীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক আবাসিক ভবনের প্রথম ছয় তলার শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মিরপুর পিওএম চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ভবনের ফলক উন্মোচন করেন।
নবনির্মিত এই ২০ তলা ভবনের প্রথম পর্যায়ে ছয়টি তলা ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রথম তলায় ফোর্সের জন্য আধুনিক রান্নাঘর, দ্বিতীয় তলায় সুপ্রশস্ত ডাইনিং স্পেস, তৃতীয় তলায় মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ব্যারাক হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবনের বাকি তলাগুলোর কাজ সম্পন্ন করে ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে ডিএমপির। এই নতুন অবকাঠামোর ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের আবাসন সংকট দূর হওয়ার পাশাপাশি উন্নত মানের খাবার ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।