ময়মনসিংহে পশুখাদ্য ও পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধ উৎপাদনে গুরুতর অনিয়মের অভিযোগে ‘নোভাস এগ্রোটেক লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় র্যাব-১৪ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শম্ভুগঞ্জ সংলগ্ন তালতলা এলাকায় অবস্থিত ওই কারখানায় ঝটিকা অভিযান চালায় আভিযানিক দল।
কারখানায় পশুখাদ্য ও ওষুধ উৎপাদনের ক্ষেত্রে যথাযথ সরকারি মানদণ্ড ও নিয়ম অনুসরণ করা হচ্ছিল না। বিশেষ করে ওষুধের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় বড় ধরনের বিচ্যুতি ধরা পড়ে। এসব অনিয়ম পশুসম্পদের স্বাস্থ্য ও ডেইরি খাতের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা ও পশুসম্পদের নিরাপত্তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে র্যাব ১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, ভেজাল পশুখাদ্য ও ওষুধের কারণে দেশের ডেইরি ও পশুসম্পদ খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে। জনস্বার্থে এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের নজরদারি ও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।