মাদকের টাকার জন্য বাবাকে বেঁধে নির্যাতন, ২ মাসের কারাদণ্ড

গাজীপুরে মঙ্গলবার মাদকের টাকা না দেওয়ায় বাবাকে বেঁধে নির্যাতনের অভিযোগে ছেলেকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে বেঁধে নির্যাতনের অভিযোগে ছেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

আজ মঙ্গলবার (১০ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

মাদকাসক্ত ছেলের অব্যাহত নির্যাতনের শিকার তার মা-বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দণ্ডাদেশপ্রাপ্ত ছেলের নাম রাসেল সরদার (৩০)। তিনি উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখাঁরচালা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও তাদের প্রতিবেশীদের বরাতে শ্রীপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, রাসেল সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার মা-বাবাকে অত্যাচার নির্যাতন করে আসছিলেন। গতকাল সোমবার মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান রাসেল। কিন্তু টাকা না দেওয়ায় এদিন বাবাকে ঘরে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন। বাবাকে নির্যাতনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে আটক করে। পরে আজ মঙ্গলবার দুপুরে রাসেল সরদারকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের আদালতে হাজির করা হলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মাদক কেনার টাকার জন্য রাসেল প্রায়ই তার মা-বাবাকে নির্যাতন করত। সোমবারও টাকা না দেওয়ায় তিনি তারা মা-বাবাকে নির্যাতন করছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আজ তাকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *