মাগুরায় মহম্মদপুর উপজেলার কানুটিয়া চরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সময় আটক আকুব্বর মোল্লা (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্ত্রীর জোসনা খাতুনের অভিযোগ, তার স্বামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পিটিয়ে হত্যা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি দল আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কানুটিয়া চরপাড়া এলাকায় একাধিক মাদক মামলার আসামি আকুব্বর মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে তার ঘরের আলমারি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার এবং তাকে আটক করা হয়। আসামি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। এরপর তাৎক্ষণিক উত্তেজিত এলাকাবাসী তাদের ওপর হামলা চালিয়ে মিঠুন ব্যাপারী নামে এক সদস্যকে গুরুতর আহত করে।
পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জনরোষ থেকে উদ্ধার করে।
এরপর স্থানীয়দের সহায়তায় আকব্বরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাদিয়া সাকিনা ঝরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি বলেও জানান তিনি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, কানুটিয়া চরপাড়ার আকুব্বর নামে এক মাদক ব্যবসায়ীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে আটকের সময় তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশি তদন্ত চলছে।